উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৭৫৯ জন পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষা
উত্তরা প্রতিবেদক ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ণ
 রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৭৫৯ জন পরীক্ষার্থী

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

বোর্ডের আওতাধীন আটটি জেলার মোট ২৭৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। তবে প্রথম দিনের পরীক্ষায় মোট ১ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৪৯ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪৭ হাজার ৮১৬ জন শিক্ষার্থী। আনন্দের বিষয় হলো, প্রথম দিনে কোনো পরীক্ষার্থী বা পরীক্ষককে বহিষ্কার করা হয়নি।

জেলাওয়ারি তথ্যে দেখা যায়, বগুড়ায় সর্বোচ্চ ২৮ হাজার ১৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, অনুপস্থিত ছিলেন ২৩৩ জন। সিরাজগঞ্জে ২৪ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন, অনুপস্থিত ২৯২ জন। রাজশাহীতে ২৩ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন, অনুপস্থিত ৩২৩ জন। পাবনায় ২১ হাজার ৯৯৮ জন পরীক্ষায় অংশ নেন, অনুপস্থিত ২৮৩ জন। নওগাঁয় ১৭ হাজার ৫৫৯ জন অংশ নেন, অনুপস্থিত ২৩১ জন।

নাটোরে ১৩ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী অংশ নেন, অনুপস্থিত ১৮৬ জন। চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার ৫১ জন পরীক্ষায় অংশ নেন, অনুপস্থিত ১৪১ জন। জয়পুরহাটে ৭ হাজার ৫৫০ জন পরীক্ষায় অংশ নেন, অনুপস্থিত ছিলেন ৭০ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, সব জেলাতেই পরীক্ষার পরিবেশ অত্যন্ত ভালো ছিল। কোথাও কোনো জটিলতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Read more — শিক্ষা
Home