উত্তরা প্রতিদিন
ঢাকা

সাবেক স্পীকারের জামিন ভালো কাজ: স্পিকার

উত্তরা ডেস্ক ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ
সাবেক স্পীকারের জামিন ভালো কাজ: স্পিকার

 

বাংলাদেশের মানুষ গত বিশ বছর গণতন্ত্রের দেখা পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলা সার্কিট হাউজে প্রশাসন ও রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভোলায় স্পিকার হিসাবে পদার্পণ করার মধ্যে দিয়ে মনে হচ্ছে গণতন্ত্রের বিজয় হয়েছে। গত ২০ বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দেখা পায়নি। বর্তমান বিশ্বে গণতন্ত্রের ব্যবস্থা ছাড়া উন্নয়ন এর কোন মাধ্যম আবিষ্কার হয়নি। আমরা অন্তত ভাগ্যবান বাংলাদেশের মানুষ গণতন্ত্রমনা। রাজনীতি সচেতন। তারা কোনো স্বৈরশাসনকে মেনে নেয় না।’

এ সময় স্পিকার বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসাবে পরাশক্তির দেশগুলো সাধারণত হেয় করে দেখতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে এটি নিয়ে দেশবাসী গৌরব করতে পারে। মানবাধিকার লঙ্ঘন এটি বিশ্বের নিত্যদিনের ঘটনা। কিন্তু বাংলাদেশের মানুষ মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে।’

তিনি আরও বলেন, ‘যেই গুম, খুনের মধ্যে দিয়ে দেশবাসীর ১৬/১৭ বছর কাটিয়েছে তার থেকে আমারা মুক্ত। আমরা আশাকরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার এদেশের মানুষের জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ হচ্ছে অর্থনীতির উন্নয়ন সাধন। সেই লক্ষ্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা আশা করি দেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন হেনস্তার স্বীকার নাহয়। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সুসম্পর্ক বিদ্যমান। সাধারণ মানুষ অনেকদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। একটি সুষ্ঠু নির্বাচন পেয়েছি আমরা। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘সরকার ও বিরোধীদল দুই দলকে সমানভাবে অগ্রাধিকার ভিত্তিতে প্রটেকশন দেয়ার জন্য কাজ করছি।’ এসময় তিনি সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী জামিন বিষয়ে বলেন, ‘সাবেক স্পীকারকে বিচার বিভাগ জামিন দিয়েছে এটি একটি ভালো কাজ হয়েছে। কারণ উনি একজন মহিলা পাশাপাশি দেশের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তি হিসাবে জামিন নিশ্চয়ই বিচার বিবেচনা করে বিচার বিভাগ জামিন দিয়েছে।’

এর আগে তিনি সার্কিট হাউজে গেলে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে সভা শেষ করে তিনি বরিশাল হয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আমিনুল ইসলামসহ প্রশাসন বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read more — জাতীয়
Home