উত্তরা প্রতিদিন
ঢাকা

ফ্ল্যাট দুর্নীতি মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৬ মে

উত্তরা ডেস্ক ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ
ফ্ল্যাট দুর্নীতি মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৬ মে

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছানো হয়েছে। আগামী ৬ মে শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার শুনানির নতুন এ দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ১৮ ফেব্রুয়ারি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তী সময় ২৬ ফেব্রুয়ারি টিউলিপকে গ্রেফতারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেন দুদক তদন্ত কর্মকর্তা এ কে এম মর্তুজা আলী সাগর। সেই সময় আদালত সেই আবেদন মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ঢাকার গুলশান-২ এলাকায় একটি কোম্পানির একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই দখল করে পরে নিজেদের নামে রেজিস্ট্রি করেন। গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, সরদার মোশাররফ হোসেন এবং রাজউকের সাবেক কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। পরে তদন্ত শেষে ১১ ডিসেম্বর দণ্ডবিধির একাধিক ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

Read more — আইন-আদালত
Home