উত্তরা প্রতিদিন
ঢাকা

পুলিশ সংস্কার ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন আইজিপি

উত্তরা ডেস্ক ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ণ
পুলিশ সংস্কার ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন আইজিপি

 বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম জোরদার ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার (১৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তর–এ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিল যাচাই সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার। এ সময় সারাহ কুক বলেন, এসব খাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা উন্নয়নে যুক্তরাজ্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা করতে আগ্রহী। পাশাপাশি চলমান পুলিশ সংস্কার কার্যক্রমেও সহায়তা দেওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেন। আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর তদন্ত, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ জোরদার করতে বাংলাদেশ পুলিশ কাজ করছে। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

Read more — জাতীয়
Home