উত্তরা প্রতিদিন
ঢাকা

ফুটপাত ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

উত্তরা ডেস্ক ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ
ফুটপাত ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ঢাকা মহানগরীর নাগরিকরা সব সুবিধা তখনই পাবে যখন জনগণ এবং সিটি করপোরেশন ফিফটি ফিফটি কাজ করবে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনের ফুটপাত দখলমুক্ত করে পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের জন্য মানসিক স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক জানান, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন অবৈধ দখলদারি সহ্য করা হবে না। তবে হকারদের পুনর্বাসনের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট সময় ও স্থানে হকার বসার সুযোগ রাখা হবে। পাশাপাশি ‘হলিডে মার্কেট’ ও ‘নৈশকালীন মার্কেট’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। প্রশাসক জানিয়েছেন, এটি একটি পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন থেকে চানখাঁরপুল পর্যন্ত প্রায় ১৩৫০ ফুট এলাকায় গ্রাফিতি আঁকা হয়েছে। এ ছাড়া বসানো হয়েছে ৫৫০টি ফুলের টব ও ৬৫০টি সৌন্দর্যবর্ধক গাছ। রোগীর স্বজনদের জন্য রাখা হয়েছে ৫০টি বসার আসন এবং নির্মাণাধীন রয়েছে দৃষ্টিনন্দন স্থাপনা। ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানান, এই প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ ফুটপাতেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Read more — জাতীয়
Home