উত্তরা প্রতিদিন
ঢাকা

দুপুরের মধ্যে তিন জেলায় ঝড়ের আভাস

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
দুপুরের মধ্যে তিন জেলায় ঝড়ের আভাস

দুপুরের মধ্যে তিন জেলায় ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য দেওয়া হয়েছে সতর্ক সংকেত। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে বয়ে যেতে পারে দমকা বা ঝড়ো হাওয়া। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে গতকাল সোমবার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, মঙ্গলবার সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছিল পূর্বাভাসে।

 

Read more — জাতীয়
Home