উত্তরা প্রতিদিন
ঢাকা

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

 

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে দুই ও উপসর্গ নিয়ে পাঁচ শিশু মারা গেছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য তুলে ধরা হয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ শিশুর। তাদের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১৭টি, বরিশালে পাঁচ, চট্টগ্রাম ও রাজশাহীতে তিনটি করে ছয়টি এবং ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। এ সময়ে হামের লক্ষণ নিয়ে ১ হাজার ৩৭১ জন রোগী হাসপাতালে এসেছে, যাদের মধ্যে ৭২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে সবচেয়ে বেশি ২৭৪ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আসা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৪ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ৯৫৪ জন। একই সময়ে ২ হাজার ৭২১ জনের হাম শনাক্ত হয়েছে।

Read more — জাতীয়
Home