
বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনায় ঢাকাসহ সব মহানগরের স্কুলে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ইতোমধ্যে শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, ‘রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। আর শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।’

