
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এ নির্বাচনের তফসিল আগামী বুধবার ঘোষণা করবে নির্বাচন কমিশন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
নির্বাচন কমিশনে চলমান ১১তম কমিশন সভা শেষে এ ব্রিফিং করেন তিনি।
সংরক্ষিত নারী আসনের বাটোয়ারা সম্পর্কে জানানো হয়, বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী ১৩টি ও স্বতন্ত্র সংসদ সদস্যদের পক্ষ থেকে ১টি আসন পাবে।
ব্রিফিংকালে ইসি সচিব আরও জানান, স্থগিত থাকা ত্রয়োদশ সংসদ নির্বাচনের শেরপুর–৩ আসন ও বগুড়া–৬ এর উপনির্বাচনের ভোট নিয়ে এখন পর্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মনিটর করছে।
এছাড়া, চট্টগ্রাম–২ ও ৪ আসনে অনুষ্ঠিত ভোটের ফল আদালতের নির্দেশনা অনুযায়ী ঘোষণা করা হবে বলে জানান আখতার আহমেদ।
ত্রয়োদশ সংসদ নির্বাচন পরর্বতী সময়ে ৫০টি নির্বাচনী মামলা হয়েছে বলে জানান ইসি সচিব। তিনি জানান, নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন দেওয়ার সময় ১ মাস বাড়িয়েছে ইসি।
এর আগে, ইসির কর্মর্কতারা জানান, সংসদ থেকে দলগুলোর হিসাব চলে এসেছে। তফসিল ঘোষণা হলেই দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়ে দেওয়া হবে। সে অনুযায়ী, রিটার্নিং অফিসাররা বাকি কাজ করবেন।

