
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি এবং সিন্ডিকেট মুক্ত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (০৬ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ গ্রহণ করার পর পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, আমরা কোনও সিন্ডিকেট বুঝি না, আমরা সবসময় সবার জন্য উন্মুক্ত রাখার চেষ্টা করি। আমরা যাচ্ছি, বিষয়টা নিয়ে আলোচনা হবে। দোয়া করেন, যাতে আমরা মুক্ত থাকতে পারি।
ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে চার জনের মরদেহ আমরা গ্রহণ করেছি। একজনের মরদেহ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।
তিনি বলেন, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হবে।

