
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে একটা ন্যাশনাল ইমার্জেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী রবিবার থেকে হামের টিকাদান এ কর্মসূচি চালু করা হচ্ছে।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউনিসেফ প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে টিকা সংগ্রহ ও সরবরাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইউনিসেফ থেকে টিকা ক্রয়ের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে এবং বিদ্যমান টিকার ঘাটতি দ্রুত পূরণ করা হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় টিকা ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে।
সাখাওয়াত হোসেন বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সি বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে। তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে।
প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে। সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।

