উত্তরা প্রতিদিন
ঢাকা

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেড় শতাব্দীর ঐতিহ্য ও জ্ঞানের আলোয় আলোকিত রাজশাহী কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় কলেজ প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া কলেজের বিভিন্ন সহশিক্ষামূলক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুভূতি ব্যক্ত করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউল আলম মিন্টু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এ মুহূর্তে আবারও উপলব্ধি করছেন—তারা দেশের অন্যতম সেরা একটি কলেজের অংশ। পরিচ্ছন্ন পরিবেশ ও সৃষ্টিশীলতায় অনন্য এ বিদ্যাপীঠ ১৫৪ বছরের ঐতিহ্য ধারণ করে গৌরবের শিখরে অবস্থান করছে, যা সবার জন্য গর্বের।

উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী বলেন, দীর্ঘ দেড় শতাব্দীর বেশি সময় ধরে রাজশাহী কলেজ একটি গর্বের নাম। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে কলেজ কর্তৃপক্ষ কাজ করছে।

অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহী কলেজ পরিবারের জন্য গৌরবের একটি দিন। তিনি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পূর্বসূরি শিক্ষকদের ত্যাগ ও অবদানের ফলেই প্রতিষ্ঠানটি আজ দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

Read more — শিক্ষা
Home