
দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগ তুলে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয় গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আবেদন জানান। তবে আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই তারা অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রীর অনানুষ্ঠানিক সাক্ষাৎ পান।
এ সময় কর্মকর্তারা তাদের দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা ও ন্যায্য দাবির বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তারা একটি লিখিত আবেদনপত্রও প্রধানমন্ত্রীর হাতে প্রদান করেন, যা তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করেন।
আকস্মিক এই সাক্ষাতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি সংক্রান্ত বৈষম্য, প্রশাসনিক জটিলতা এবং মানবিক সংকটের বিষয়গুলো তুলে ধরেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১,৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত হয়ে আসছেন। তাদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা, জ্যেষ্ঠতা ও অন্যান্য শর্ত পূরণ করা সত্ত্বেও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদের পদোন্নতি দেওয়া হয়নি।
এর ফলে প্রশাসনিক কাঠামোয় ভারসাম্যহীনতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তারা। অনেক ক্ষেত্রে জুনিয়র কর্মকর্তারা পদোন্নতি পেয়ে সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ' প্রধানমন্ত্রী বিষয়টি মনোযোগ দিয়ে শুনেছেন এবং গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন।'
তিনি আরও বলেন, কর্মকর্তাদের দীর্ঘদিনের অভিযোগসম্বলিত লিখিত আবেদনটিও প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।

