
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে ঈদ উপহার বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছোট্ট স্বপ্ন’। শনিবার (১৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ছোট্ট স্বপ্ন স্কুলের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান এবং নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া। এ ছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগের মডারেটর সৈয়দ নাঈমুর রহমান সোহেল ও কেশব চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
এ সময় ‘ছোট্ট স্বপ্ন’-এর নবম কমিটির সভাপতি তাহমিদ জাকি, অষ্টম কমিটির সহ-সভাপতি আকাশ মণ্ডল এবং বর্তমান কমিটির সভাপতি মো. আব্দুল আজিম শেখ, সহ-সভাপতি সাকিব মোল্লা ও মো. জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রকি আলীসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। তাদের হাতে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিশুদের মুখে দেখা যায় আনন্দের উচ্ছ্বাস।
আয়োজকরা জানান, “স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই—শিক্ষার আলো ছড়াতে চাই” এই মূলমন্ত্রকে সামনে রেখে ‘ছোট্ট স্বপ্ন’ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সহায়তায় কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ সমাজের প্রতিটি শিশুর কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বক্তারা বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদেরও অনুপ্রাণিত করবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিশুদের সঙ্গে তরুণ স্বেচ্ছাসেবীদের এই মিলনমেলা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
উল্লেখ্য, ‘ছোট্ট স্বপ্ন’ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত একটি অলাভজনক সংগঠন, যা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

