
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর হাফিজ উদ্দিন আহমদ ও ব্যারিস্টার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদক বীর বিক্রম লাভ করেন। তরুণ বয়সে তিনি পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন এবং ১৯৬৪ সাল থেকে পরপর তিনবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে পরিচিতি পান।
রাজনৈতিক জীবনে হাফিজ উদ্দিন আহমদ ১৯৮৬ ও ১৯৮৮ সালে ভোলা-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে বিজয়ী হন। ১৯৯২ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর ১৯৯৬ সালের নির্বাচনেও দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

