
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (৯ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত সালেহ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ গ্রহণকালে তিনি এ তথ্য জানান।
এ সময় মন্ত্রী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ পরিস্থিতিতে যেখানেই কোনো ঘটনা ঘটছে, সেখানেই বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
তিনি জানান, এখন পর্যন্ত সিলেট, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও চট্টগ্রামের একজন করে বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুবাইয়ে একজন, বাহরাইনে দুইজন এবং সৌদি আরবে একজন মারা গেছেন।
মন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় সব নিয়মকানুন মেনে পর্যায়ক্রমে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
এ সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ নিহত আহমেদ আলীর স্বজনরা উপস্থিত ছিলেন।

