উত্তরা প্রতিদিন
ঢাকা

মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১০ দিনের ক্রাশ প্রোগ্রাম রবিবার শুরু
উত্তরা ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ণ
  মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশক নিধন কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মশা নিয়ন্ত্রণে কোনো ধরনের অবহেলা, ব্যর্থতা বা দুর্নীতি সহ্য করা হবে না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগর ভবন অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভায় এ ঘোষণা দেন তিনি।

সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় প্রশাসকের নির্দেশে এই বিশেষ সভা আহ্বান করা হয়।

সভায় মশক নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিশ্চিত করা, সঠিক পদ্ধতিতে প্রয়োগ এবং মাঠপর্যায়ে কঠোর তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়। মশা নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার লার্ভা পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশাসক বলেন, মশা নিয়ন্ত্রণে অবহেলা, ব্যর্থতা বা দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। এ বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

তিনি আরও জানান, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম তিনি নিজেই সরেজমিনে পরিদর্শন করবেন।

আগামীকাল রবিবার থেকে ডিএসসিসির ১০টি অঞ্চলে পর্যায়ক্রমে ১০ দিনের বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু হবে। এ কর্মসূচিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানানো হয়।

সভায় মশক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি বর্তমান ওষুধের বিকল্প হিসেবে নতুন ও কার্যকর ওষুধ পরীক্ষামূলকভাবে ব্যবহারের বিষয়েও আলোচনা হয়। সরকারি বা বেসরকারি যেকোনো স্থাপনায় মশার উৎপত্তিস্থল পাওয়া গেলে এবং বারবার সতর্ক করার পরও ব্যবস্থা না নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রশাসক।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, কর্পোরেশন সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read more — জাতীয়
Home