উত্তরা প্রতিদিন
ঢাকা

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। তবে সম্মানীর পরিমাণ এখনো নির্ধারিত হয়নি। ঈদের আগেই দেশের কয়েকটি এলাকায় প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সরকার।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মগুরুকে সম্মানী ভাতা প্রদান। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে কয়েকটি এলাকায় ভাতা কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে তা সারা দেশে বিস্তৃত করা হবে।

সম্মানীর পরিমাণ সম্পর্কে জানতে চাইলে মাহদী আমিন বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, শনিবার ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান-এর তৃতীয় কর্মদিবস। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সংশ্লিষ্টদের বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও জানান, তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন প্রধানমন্ত্রী। অফিসে প্রবেশের আগে তিনি ব্রিফিং করেন এবং দীর্ঘদিনের কর্মজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। এদিন সংশ্লিষ্ট মন্ত্রীরা বিভিন্ন নীতিগত বিষয়েও আলোচনা করেন।

Read more — জাতীয়
Home