উত্তরা প্রতিদিন
ঢাকা

রেলকে লাভজনক ও সেবামূলক দেখতে চায় সরকার: মন্ত্রী রবিউল

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ
রেলকে লাভজনক ও সেবামূলক দেখতে চায় সরকার: মন্ত্রী রবিউল

সরকার বাংলাদেশ রেলওয়েকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না জানিয়ে নতুন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রেলওয়েকে ঢেলে সাজিয়ে একে লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আব্দুল গণি রোডের রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রেলের উন্নয়ন ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। নির্বাচনি ইশতেহারে রেলকে জাতীয় পরিবহন ব্যবস্থার কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার রয়েছে। টিকিট কালোবাজারি প্রতিরোধ, দুর্নীতি দমন এবং যাত্রীসেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত রেলযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি আগামী ১৮০ দিনের মধ্যে নির্বাচনি অঙ্গীকারের বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন তিনি।

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলের সময় কমিয়ে আনার বিষয়ে এক সপ্তাহের মধ্যে সম্ভাব্যতা যাচাই করে সুপারিশ দেওয়ার নির্দেশও দেন শেখ রবিউল আলম।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজীব আহসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Read more — জাতীয়
Home