উত্তরা প্রতিদিন
ঢাকা

শেখ হাসিনার নির্দেশেই ‘লেথাল উইপেন’ ব্যবহার: জবানবন্দিতে রাজসাক্ষী মামুন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ণ
শেখ হাসিনার নির্দেশেই ‘লেথাল উইপেন’ ব্যবহার: জবানবন্দিতে রাজসাক্ষী মামুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে বলেছেন, গত বছর ১৮ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফোনকলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশেই ‘লেথাল উইপেন’ বা প্রাণঘাতি অস্ত্র ব্যবহার শুরু হয়।

আজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার সময় চৌধুরী মামুন বলেন, ‘গত বছরের ১৮ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাকে ফোন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।’

সাবেক আইজিপি জানান, সেই সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে ছিলেন এবং তাঁর সঙ্গে অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি তাঁকে বলি। তিনি আমার রুম থেকে বের হয়ে ডিএমপি কমিশনারসহ সারা দেশে এই নির্দেশনা পৌঁছে দেন। ওইদিন থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লেথাল উইপেন ব্যবহার শুরু হয়।’

এই জবানবন্দিতে চৌধুরী মামুন আরও দাবি করেন, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, ফজলে নূর তাপস, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত, মির্জা আযম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননসহ একাধিক রাজনৈতিক নেতা মারণাস্ত্র ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীকে প্ররোচিত করেছিলেন।

উল্লেখ্য, এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে। গতকাল পর্যন্ত এই মামলার ৩৫ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

Read more — আইন-আদালত
Home