
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যরা (এমপি) শপথ নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার আগে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তারা শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে শপথ নেন বিএনপির এমপিরা। সকাল পৌনে ১১টার দিকে তাদের শপথ পড়ান সিইসি।
এদিকে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনায় চট্টগ্রামের দুটি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফলাফল ঘোষণা করা হয়নি। বাকি ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

