
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ আজ মঙ্গলবার। শপথগ্রহণ ঘিরে এদিন সকাল থেকেই জাতীয় সংসদের সামনে ও মানিক মিয়া অ্যাভিনিউতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড় বেড়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে, বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা সমর্থক হিসেবে এসেছেন। এছাড়া, সাধারণ মানুষও উপস্থিত হয়ে তাদের বিভিন্ন প্রত্যাশার কথা জানাচ্ছেন।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়ার দুই সমর্থক এসেছেন মানিক মিয়া অ্যাভিনিউতে। তাদের একজন আজগর হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের নেতা এসেছেন শপথ নিতে। সেজন্য আমরা এসেছি, আমাদের হোমনার বিএনপি-ছাত্রদলের অনেক নেতাকর্মীও এসেছেন। আমাদের এলাকার উন্নয়নে সেলিম ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সেটাই প্রত্যাশা।
রাজধানীর ফার্মগেটের বাসিন্দা ইকবাল করিম এসেছেন এক নজর সংসদ সদস্যদের দেখতে। তিনি বলেন, হাসনাত, নাহিদরা সংসদ সদস্য হিসেবে আজ সংসদে যাবেন- তাদের দেখতে এসেছি। তাদের প্রতি আমাদের অনেক প্রত্যাশা।

