উত্তরা প্রতিদিন
ঢাকা

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ বিএনপির মন্ত্রিসভার : ড. আসিফ নজরুল

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ অপরাহ্ণ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ বিএনপির মন্ত্রিসভার : ড. আসিফ নজরুল

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। তাঁর ধারণা, প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। তিনি আরও জানান, শপথের পরপরই বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।

মন্ত্রিসভার শপথ প্রসঙ্গে তিনি বলেন, একই দিন বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। তাঁর জানা মতে, রাষ্ট্রপতিই মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন।

অনুষ্ঠানে কারা আমন্ত্রিত হবেন—এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রাথমিকভাবে সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে ড. আসিফ নজরুল বলেন, বিএনপিই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল। বর্তমান সংসদ অন্যান্য সংসদের তুলনায় ভিন্ন মাত্রা বহন করছে। ছাত্র-জনতার আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে, যা অনেক ত্যাগ, কষ্ট ও বেদনার ফসল।

তিনি বলেন, সংসদ প্রাঙ্গণে বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। জুলাই সনদকে ঘিরে অনুষ্ঠানও এখানে আয়োজন করা হয়েছিল। ফলে দক্ষিণ প্লাজা নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় স্থান হয়ে উঠেছে।

উপদেষ্টা আরও বলেন, সংসদ ভবনের পাশেই বেগম খালেদা জিয়া এবং ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছিল। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন প্রকাশের ক্ষেত্র হিসেবেও এ স্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Read more — জাতীয়
Home