
ভোটকেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি এবং সদস্যদের শরীরে বডিওর্ন ক্যামেরার ব্যবহার, সব মিলিয়ে এবারের নিরাপত্তা ব্যবস্থায় ভোটাররা বেশ সন্তোষ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, ভোটাররা নির্বিঘ্নে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, দায়িত্বরত পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহার নিশ্চিত করা হয়েছে, যাতে কেন্দ্রের ভেতরের ও বাইরের কার্যক্রম সরাসরি রেকর্ড করা যায়।
একাধিক ভোটারের মতে, পূর্বের নির্বাচনের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি দৃশ্যমান। কেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে ভোট দিয়ে বের হওয়া পর্যন্ত কোনো ভোগান্তি পোহাতে হয়নি।
মিরপুর আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর নাঈম ইসলাম নামের এক ভোটার বলেন, ‘বডিওর্ন ক্যামেরা থাকায় কেউ অনিয়মের সাহস পাচ্ছে না। এতে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে।’
দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান, বডিওর্ন ক্যামেরায় ধারণ করা ভিডিও প্রয়োজনে আলামত হিসেবে ব্যবহার করা হবে। ফলে কেন্দ্রে বিশৃঙ্খলা বা অনিয়মের অভিযোগ উঠলে দ্রুত সত্যতা যাচাই করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন, তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছি।
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সকাল থেকে পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রতিদ্বন্দ্বী দলগুলোও ফল মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হচ্ছে বিধায় সবাই ফল মেনে নেবেন—এটাই স্বাভাবিক।

