
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের কেন্দ্র পরিদর্শন করে জাপানের পর্যবেক্ষক দল।
সকাল থেকে ঢাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনের পর জাপানের পর্যবেক্ষক দল জানিয়েছে, তারা ভোটকেন্দ্রগুলোকে বেশ উৎসবমুখর দেখছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের কেন্দ্র পরিদর্শনের সময় এক পর্যবেক্ষক বলেন, ‘বাংলাদেশের মানুষ উৎসবপ্রিয়। বোঝা যাচ্ছে ভোটও তাদের কাছে একটি উৎসবের মতো।’ তিনি নাম প্রকাশ করতে চাননি।
জাপানের প্রতিনিধি দলটি শুধু ঢাকার ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রদূত ও জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে।
তিনি পূর্বে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন। ভোটকেন্দ্র পর্যবেক্ষণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে দীর্ঘদিন পর দেশে এসে অনেক পরিবর্তন লক্ষ্য করছেন বলে জানিয়েছেন।

