
ঈদ বা বড় কোনো ছুটিতে ঢাকা যেমন জনশূন্য হয়ে পড়ে, নির্বাচনের আগের দিন রাজধানীর চিত্র এখন ঠিক তেমনই। চিরচেনা যানজট, ট্রাফিক সিগন্যালের ব্যস্ততা—সবই উধাও। তবে এই ফাঁকা ঢাকার ঠিক বিপরীত চিত্র দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। ভোটের অধিকার প্রয়োগ করতে প্রিয়জনদের কাছে ফিরতে স্টেশনে যাত্রীদের ঢল নেমেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর রামপুরা, খিলগাঁও, চৌধুরীপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে যানবাহনের এই শূন্যতা লক্ষ করা যায়।
সকাল বেলা পৌনে ১১টার দিকে ঢাকার প্রধান সড়কগুলোতে গণপরিবহন ছিল খুবই নগণ্য। রাস্তায় প্রাইভেটকারের দেখা মিলছে দীর্ঘ সময় পর পর, দু-একটি সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। ট্রাফিক পুলিশ সদস্যদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও সামলাতে হচ্ছে না কোনো যানজট।
এই শূন্যতা নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ঢাকায় এমন যানবাহন শূন্যতা ঈদের দিনেও কম দেখেছি। তবে মানুষের মধ্যে উৎসবের আনন্দের চেয়ে আতঙ্কটাই বেশি কাজ করছে। সবাই খোঁজখবর নিচ্ছেন, চিন্তিত আছেন আসলে কী হতে চলেছে। সবাই শুধু শান্তি আর সুষ্ঠু নির্বাচন চান।
সড়ক ফাঁকা থাকলেও ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুরে ছিল উল্টো দৃশ্য। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের উপচে পড়া ভিড়। গাদাগাদি করে ট্রেনের ভেতরে তো বটেই, ছাদে চড়েও বাড়ি ফিরছেন অনেকে।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, নির্বাচনের কারণে সড়কে যানবাহন কম থাকায় মানুষ রেলপথে বাড়ি ফিরছেন। স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড় সামলাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, নির্বাচন উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ ছাড়া অধিকাংশ পরিবহন শ্রমিক ভোট দিতে গ্রামে যাওয়ায় সড়কে যানবাহনের এই ঘাটতি তৈরি হয়েছে। দূরপাল্লার কিছু বাস চলাচল করলেও তা স্বাভাবিকের চেয়ে অনেক কম।

