উত্তরা প্রতিদিন
ঢাকা

শাহবাগ অবরোধ করল ইনকিলাব মঞ্চ, যান চলাচল বন্ধ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ অপরাহ্ণ
শাহবাগ অবরোধ করল ইনকিলাব মঞ্চ, যান চলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় আন্দোলনকারীরা ‘ব্লকেড, ব্লকেড, শাহবাগ ব্লকেড’, ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘তুমি কে আমি কে, জাবির জাবির’, ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন, নেমে পড়ুন’সহ নানা স্লোগান দিতে থাকেন।

এরআগে হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে পদযাত্রা ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়া থেমে থেমে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত চলে। এ ঘটনায় শাহবাগ থেকে বাংলামোটর সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

Read more — জাতীয়
Home