উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজধানীতে সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ণ
রাজধানীতে সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত অবস্থায় সংঘর্ষে আহত হয়েছেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। শুক্রবার দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বৃহস্পতিবার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। শুক্রবার বিকেলে তাঁরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, জুমার নামাজের পর সেখানে সমবেত হলে পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ আরও কয়েকজন আহত হন।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ দাবি করে, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকেও মারধর করা হয়েছে। অন্য এক পোস্টে সংগঠনটি জানায়, আপাতত কোনো জমায়েত না করে চিকিৎসা নিয়ে আবার রাজপথে ফিরবে তারা। এ সময় সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, তিনজন আহত অবস্থায় মেডিকেলে এসেছেন। তাঁরা জরুরি বিভাগে চিকিৎসাধীন।

এদিকে ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ইশতেহার ঘোষণা শেষে মিছিল নিয়ে যমুনার দিকে রওনা হন। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে তিনি সেখানে যাচ্ছেন বলে জানান।

উল্লেখ্য, একই দিনে সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি কর্মচারীরা। পরে মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হলে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। এতে আন্দোলনকারীদের একাংশ ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং অন্য অংশ কাকরাইল মোড়ে অবস্থান নেয়।

এর আগে বৃহস্পতিবার রাতেও কয়েক দফা আলটিমেটাম দিয়ে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

Read more — শিক্ষা
Home