উত্তরা প্রতিদিন
ঢাকা

ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

উত্তরা প্রতিদিন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ
ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নাটোরের আব্দুলপুর জংশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি লালমনিরহাট জেলায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন পরিবর্তনের জন্য সাময়িকভাবে আব্দুলপুর জংশনে থামানো হয়। এ সময় মাহদী হাসান মুরাদ প্ল্যাটফর্মের নির্ধারিত পথ ব্যবহার না করে বিপরীত পাশে যাওয়ার জন্য রেললাইনের মধ্য দিয়ে পার হওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই ইঞ্জিন পরিবর্তনের সময় চলমান ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে উঠে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলেও তিনি মারা যান বলে জানা গেছে।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ঘটনাস্থলে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি নিয়ে কীভাবে করণীয় ঠিক করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।”

ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেরেজ্জামান বলেন, “নিহত শিক্ষার্থীর মরদেহ আব্দুলপুর থেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আমরা এ ঘটনায় গভীরভাবে শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Read more — শিক্ষা
Home