উত্তরা প্রতিদিন
ঢাকা

রাবিসহ তিন বিশ্ববিদ্যালয়ের খসড়া বাজেট প্রায় ৩ কোটি

ছাত্রসংসদ নির্বাচন
উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৬ আগস্ট ২০২৫, ০৯:০৪ অপরাহ্ণ
রাবিসহ তিন বিশ্ববিদ্যালয়ের খসড়া বাজেট প্রায় ৩ কোটি
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আমেজ চলছে। তবে নিয়মিত নির্বাচন না হওয়ায় আসন্ন নির্বাচনের বাজেট তৈরিতে নানা জটিলতা তৈরি হচ্ছে। তিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য খসড়া বাজেট প্রস্তুত করা হয়েছে। যার পরিমাণ ২ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে বেশি বাজেটের প্রস্তাব করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর সর্বশেষ নির্বাচনের চেয়ে আড়াই গুণ বেশি হতে পারে ডাকসুর বাজেট।

ব্যয় বাড়ছে ডাকসু নির্বাচনে : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যয় বাড়ছে। সর্বশেষ ডাকসু নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে আড়াই গুণ বেশি হচ্ছে বাজেট। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও হিসাব পরিচালক আসন্ন ডাকসু নির্বাচনের বাজেট নিয়ে জানাতে অপারগতা প্রকাশ করেন। যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের বাজেট শাখা থেকে নির্বাচনের খসড়া বাজেট থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্র ও ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতবারের তুলনায় এবার বাজেট বাড়ছে। ২০১৯ সালে নির্বাচন আয়োজনে খরচ হয় প্রায় ৩২ লাখ। এবার নির্বাচনে ৮০ থেকে ৮২ লাখ টাকা খরচ হতে পারে।

নির্বাচনি ব্যয় বাড়ার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, গতবার বিশ্ববিদ্যালয়ের হলগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। এবার অ্যাকাডেমিক ভবন ও ক্যাম্পাসসংলগ্ন স্কুলে ভোট নিতে হবে বিধায় খরচ বাড়ছে। এ ছাড়া এবারের নির্বাচনে অনেক প্রার্থী। সে কারণে ব্যালট পেপার ও ব্যালট বক্স তৈরিতেও অতিরিক্ত খরচ হবে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, ‘বাজেট  নিয়ে আমাদের এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। এখনো অনেক সময় বাকি রয়েছে, হয়তো সামনে এ বিষয়ে আলোচনা হতে পারে।’

সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের বেশ কয়েকটি মিটিং হলেও এটি নিয়ে আলোচনা হয়নি। বিষয়টি রিটার্নিং কর্মকর্তারা বলতে পারবেন।’

রাকসু নির্বাচনের বাজেট হতে পারে ৬০ লাখ : রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (রাকসু) জন্য ৫০ থেকে ৬০ লাখ টাকা খরচ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘রাকসু নির্বাচনের সার্বিক খরচের একটা খসড়া করা হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী তা কম-বেশি হতে পারে। এর মধ্যে ব্যালট পেপারের খরচটা সবচেয়ে বেশি হবে। মোটামুটি ৩০ লাখ টাকার মতো লাগতে পারে বলে ধারণা করছি। এ ছাড়া আনুষঙ্গিক খরচ, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিভিন্ন খরচ মিলিয়ে ৫০ থেকে ৬০ লাখ টাকার মধ্যেই নির্বাচন শেষ করা সম্ভব হবে বলে আশা করছি।

বেশি বাজেটের প্রস্তাব জাবির : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের জন্য ১ কোটি ৩২ লাখ টাকার বাজেট চেয়ে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বরাবর আবেদন করেছে। কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব জানিয়েছেন, আবেদনটি উপাচার্যের মাধ্যমে অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘ইউজিসি যদি অনুমোদন না দেয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতটুকু সম্ভব অর্থ দিয়ে নির্বাচন সম্পন্ন করবে।’

কোষাধ্যক্ষ আরও জানান, এতদিন শিক্ষার্থীদের কাছ থেকে জাকসুর জন্য মাসিক ১৫ টাকা করে নেওয়া হলেও আলাদা কোনো তহবিল গঠন না করায় সেই টাকা বিভিন্ন খেলাধুলাসহ অন্যান্য খাতে খরচ হয়েছে। সম্প্রতি নতুন করে জাকসুর জন্য ফান্ড গঠন করা হয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরের বাজেটে জাকসু নির্বাচনের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি বলেও জানান তিনি।

Read more — শিক্ষা
Home