
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘এ’(মানবিক) ইউনিটের ফলাফল বিকেলে প্রকাশিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ ইউনিটের অন্তর্ভুক্ত। এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই পালায় অনুষ্ঠিত হয়। এর মধ্যে গ্রুপ-১ এর ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৬২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১২ হাজার ১৯৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ২৩ দশমিক ১৫ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯ দশমিক ৫০।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ইউনিটের গ্রুপ-২ এর ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৮৫ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ হাজার ৭০৯ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ২৬ দশমিক ৩২ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮।
প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷ উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট (https://admission.ru.ac.bd/) ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে (https://www.facebook.com/rajshahi.university.ac.bd) পরবর্তীতে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হয়। পরদিন এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বি ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষা পর্ব শেষ হয়। এদিকে গতকাল শুক্রবার সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছর রাজশাহী ছাড়াও পাঁচটি বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্র হিসেবে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

