
সারা দেশে গত কয়েক দিনের তুলনায় আজ রবিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৭ জানুয়ারি) অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় নদী অববাহিকার কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কয়েকটি এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে অথবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেছেন, ‘চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। পরবর্তীতে শৈত্যপ্রবাহ হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

