উত্তরা প্রতিদিন
ঢাকা

বেরোবি কেন্দ্রে রাবির ভর্তি পরীক্ষায় রাউটার ও মোবাইলসহ পরীক্ষার্থী আটক

উত্তরা প্রতিদিন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ অপরাহ্ণ
বেরোবি কেন্দ্রে রাবির ভর্তি পরীক্ষায় রাউটার ও মোবাইলসহ পরীক্ষার্থী আটক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পকেট রাউটার ও মোবাইল ফোনসহ এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশিকালে তাকে আটক করা হয়।

আটক পরীক্ষার্থীর নাম জিএম সারোয়ার আহমেদ। তিনি কারমাইকেল কলেজ থেকে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তার বাবা শামীম আহমেদ ও মা আইরিন আক্তার। তারা রংপুরের বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্র জানায়, সকাল ১১টায় রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষার্থীরা বেরোবি কেন্দ্রে প্রবেশ করতে থাকেন। এ সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশিকালে জিএম সারোয়ার আহমেদের কাছে একটি পকেট রাউটার ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে তাকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ খান বলেন, ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রবেশের সময় রাউটার ও মোবাইল ফোনসহ একজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তার অভিভাবকদের ডাকা হয়েছে। তারা এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, পরীক্ষার গেটে মেটাল ডিটেক্টরে ধরা পড়ার পর দেখা যায়, পরীক্ষার্থী বগলের নিচে জ্যাকেটের ভেতরে এবং পকেটে মোবাইল ফোন ও রাউটার লুকিয়ে রেখেছিলেন। অনলাইনে উত্তর দেখার উদ্দেশ্য থাকতে পারে। বিষয়টি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা দেখছেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। বেরোবি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ।

ডিভাইসসহ পরীক্ষার্থী আটকের বিষয়ে তিনি বলেন, অযাচিত ডিভাইস নিয়ে প্রবেশের সময় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহিম সাগর বেরোবি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, এখানকার পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর। সুষ্ঠু আয়োজনের জন্য বেরোবি কর্তৃপক্ষকে ধন্যবাদ। ডিভাইসসহ পরীক্ষার্থী আটকের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাবির ‘সি’ ইউনিট এবং শনিবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়।

 

Read more — শিক্ষা
Home