উত্তরা প্রতিদিন
ঢাকা

পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মাল্টিস্টেকহোল্ডার সংলাপ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ অপরাহ্ণ
পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মাল্টিস্টেকহোল্ডার সংলাপ

ডিজিটাল রূপান্তরের এই সময়ে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (টেকনোলজি-ফ্যাসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স—টিএফজিবিভি) একটি ক্রমবর্ধমান সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে নারী ও কন্যাশিশুরা এ ধরনের সহিংসতার প্রধান ভুক্তভোগী। ইউএনএফপিএ-এর তথ্যমতে, বিশ্বজুড়ে প্রতি তিনজন নারীর মধ্যে দুইজন টিএফজিবিভির শিকার হন, আর বাংলাদেশে এই হার প্রায় ৮৯ শতাংশ।

এ উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় পিরোজপুরে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও পিরোজপুর গণউন্নয়ন সমিতি (পিজিইউএস)-এর যৌথ উদ্যোগে একটি মাল্টিস্টেকহোল্ডার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ। সংলাপটি ‘স্ট্রেনথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি-ফ্যাসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়, যা নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) কর্মসূচির অধীনে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির কারিগরি সহায়তা প্রদান করছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

সংলাপের উদ্দেশ্য ছিল প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতার ধরন, প্রভাব ও প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান আইন ও নীতিমালা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা। পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানে টিএফজিবিভি প্রতিরোধে জবাবদিহিতা ও কার্যকর উদ্যোগ গ্রহণে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পিরোজপুর গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। তিনি প্রযুক্তিনির্ভর সহিংসতার বিস্তৃতি, আইনি প্রতিক্রিয়ার সীমাবদ্ধতা, তথ্য ব্যবস্থাপনার দুর্বলতা ও নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাব তুলে ধরেন। একই সঙ্গে পিরোজপুরের স্থানীয় বাস্তবতা, অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় নীতিগত সুপারিশ উপস্থাপন করেন।

বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতার ধারণা, ধরন ও এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি ডিজিটাল উন্নয়ন ও টিএফজিবিভি সংশ্লিষ্ট পরিসংখ্যান তুলে ধরে বিষয়টির ভয়াবহতা ও করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

সংলাপে ১৬ জন নির্ধারিত বক্তা বক্তব্য দেন এবং মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা টিএফজিবিভি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া আইএসপি, কেবল নেটওয়ার্ক প্রতিনিধি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, রকেট) এজেন্টসহ নতুন স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অতিথিবৃন্দ ডিজিটাল ডেভেলপমেন্ট ও টিএফজিবিভি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং সরকারের উদ্যোগ ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ হেল্পলাইন (০১৩২০০০০৮৮৮) ও ই-মেইল (cybersupport.women@police.gov.bd) সম্পর্কে আলোচনা করেন।

প্রধান অতিথি মামনুর রশীদ বলেন, “প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং অন্যদের সচেতন করতে হবে। প্রযুক্তি ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়; তাই এর সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। ভুল তথ্য ও অপতথ্য রোধ করে সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত করতে পারলেই সত্যের জয় নিশ্চিত হবে।” তিনি এ বিষয়ে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Read more — তথ্যপ্রযুক্তি
Home