
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছোট্ট স্বপ্ন’ এক যুগেরও বেশি সময় ধরে নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৫ ও ৬ জানুয়ারি ২০২৬ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রাজশাহী শহর ও আশপাশের বিভিন্ন এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি বাস্তবায়ন করে ‘ছোট্ট স্বপ্ন’ সংগঠন এবং তত্ত্বাবধান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)। রাজশাহীর খড়খড়ি, পান্থাপাড়া, মতিয়াবিল, কাশিয়াডাঙ্গা, উত্তর ও দক্ষিণ বালিয়া, টালিপাড়া আদিবাসী গ্রাম, আলীর মোড়, ভদ্রা লেকপাড় বস্তি, তালাইমারি ফুলতলা, বাজে কাজলা বস্তি, শিরোইল বস্তি, হেতেম খাঁ হরিজন পল্লি, জিয়া পার্ক ও ডাশমারি গ্রাম, বিনোদপুরসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও পরিবহন বিভাগের কর্মীদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘ছোট্ট স্বপ্ন’ সংগঠনের সদস্য সচিব ও আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক মো. রায়হানুজ্জামান সোহান, মডারেটর ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক জামিল হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক গাজী রওশন হাবিব আনিকা, প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম, সংগঠনের সভাপতি মো. আব্দুল আজিম শেখ ও সাধারণ সম্পাদক মো. রকি আলীসহ সংশ্লিষ্টরা।

