উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজধানীসহ সারা দেশে শীতের দাপট

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ণ
রাজধানীসহ সারা দেশে শীতের দাপট

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। পৌষ মাসের প্রথমার্ধে উত্তুরে হাওয়া ও কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের অনুভূতি আরও জোরালো হয়ে উঠেছে। বিশেষ করে ভোর ও সন্ধ্যায় শীতের দাপট বেশি অনুভূত হচ্ছে। তবে এখনো দেশে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, যা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও তাপমাত্রা কমছে, তবে তা শৈত্যপ্রবাহের মাত্রায় পৌঁছায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, কোনো বিস্তীর্ণ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে এবং তা টানা দুই দিন বা তার বেশি সময় স্থায়ী হলে তাকে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। বর্তমানে দেশের কোথাও সেই পরিস্থিতি তৈরি হয়নি বলে নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

এদিকে ঢাকায় শীতের প্রভাব বেড়েছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে মহানগরে শীতের দাপট বেড়েছে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে তুলনামূলকভাবে কম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দিনে দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের শেষে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, যা রাত ও ভোরে আরও ঘন হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

Read more — জাতীয়
Home