উত্তরা প্রতিদিন
ঢাকা

ওসমান হাদি হত্যা মামলায় আটক কবির ফের পাঁচ দিনের রিমান্ডে

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ণ
ওসমান হাদি হত্যা মামলায় আটক কবির ফের পাঁচ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পর শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে সাত দিনের রিমান্ড শেষে কবিরকে আদালতে হাজির করা হয়। পরে মামলার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় তথ্য উদ্ঘাটনের জন্য তাকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আংশিকভাবে আবেদন মঞ্জুর করে কবিরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। তবে শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে কবিরকে আটক করে র‌্যাব। পরে ১৬ ডিসেম্বর আদালতের মাধ্যমে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

Read more — জাতীয়
Home