উত্তরা প্রতিদিন
ঢাকা

হাদি হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-শ্যালক-বান্ধবী ৫ দিনের রিমান্ডে

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ণ
 হাদি হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-শ্যালক-বান্ধবী ৫ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম দাউদের (৩৭) স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ ও অপর আসামি মারিয়া আক্তার লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে রোববার (১৪ ডিসেম্বর) পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত, দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

Read more — আইন-আদালত
Home