উত্তরা প্রতিদিন
ঢাকা

ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

উত্তরা প্রতিদিন রাবি প্রতিবেদক ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর অন্তর্ভুক্ত রাজশাহী ডিভিশনের ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এটি ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের ১০ম কার্যনির্বাহী কমিটি। গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজশাহী বিভাগের সাবেক আঞ্চলিক সম্পাদক মো. শিহাব মিয়ার নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ টিম এই কমিটির অনুমোদন প্রদান করেন।

নতুন কমিটিতে আঞ্চলিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুজ্জামান রাকিব এবং সহকারী আঞ্চলিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতিয়াজ আহমেদ সিয়াম। মোট ৩৮ সদস্যবিশিষ্ট এই কমিটি রাজশাহী ডিভিশনের যুব ও শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে।

ইউনিস্যাব রাজশাহী ডিভিশন একটি স্বেচ্ছাসেবী ও যুবনেতৃত্বাধীন সংগঠন, যা ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের তরুণ সমাজের নেতৃত্ব উন্নয়ন, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় ইউনিস্যাব রাজশাহী ডিভিশন আঞ্চলিক পর্যায়ে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করে চলেছে।

নতুন কমিটির কার্যক্রমকে আরও কার্যকর ও সুসংগঠিত করার লক্ষ্যে রাজশাহী ডিভিশনে মোট নয়টি উইং গঠন করা হয়েছে। এর মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন উইংয়ের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ইবাইদুর রহমান খান, ব্র্যান্ডিং অ্যান্ড প্রোমোশন উইংয়ের দায়িত্বে রয়েছেন মো: আকিব, ডকুমেন্টেশন উইংয়ে মৌমিতা হক মেঘা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স উইংয়ে অর্নব কুমার ধর, রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ে তানজিলা আক্তার, লজিস্টিকস অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট উইংয়ে হৃদয় মন্ডল, মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস উইংয়ে তাসনিয়া বিনতে মাহমুদ ও সুমন কুমার দাস, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ে ইমতিয়াজ আহমেদ নিয়াদ এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট উইংয়ের দায়িত্বে রয়েছেন আকসা আক্তার অনন্যা। এসব উইংয়ের মাধ্যমে সংগঠনের প্রশাসনিক ব্যবস্থাপনা ও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সহায়তার জন্য একাধিক এক্সিকিউটিভ সদস্যও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।

ইউনিস্যাবের ব্যানারে রাজশাহী ডিভিশন শিক্ষার্থীদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে RU Talent Hunt, UNYSAB Xcelerate, UNYSAB MUN, National Youth Leadership Summit 2025 এবং National Talent Fest 2025-এর মতো উল্লেখযোগ্য আয়োজন সফলভাবে বাস্তবায়ন করেছে। পাশাপাশি Eid for Street Children, Project Clean & Care এবং Week for Humanity-এর মতো সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা গড়ে তুলতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের কার্যক্রম আরও সুসংগঠিত, কার্যকর ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Read more — শিক্ষা
Home