উত্তরা প্রতিদিন
ঢাকা

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

উত্তরা প্রতিদিন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ণ
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজলা গেট হয়ে তালাইমারী মোড়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভে সংহতি জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। মিছিলে অংশগ্রহণকারীরা ‘হাদির উপর হামলা কেন, ইন্টারিম জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘সন্ত্রাসী আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘২৪ শের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, জুলাই বিপ্লবের ওপর হামলা এবং ওসমান হাদিকে গুলি করার মাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। গুলি-হামলায় আমাদের আন্দোলন থামানো যাবে না।

হামলার পেছনে ‘বিদেশি প্রভাব ও রাজনৈতিক প্রতিপক্ষের সম্পৃক্ততা’ রয়েছে বলে দাবি করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ে তদন্ত করে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন এ ধরনের হামলা নির্বাচন পরিবেশ নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে চিকিৎসকেরা তাকে কোমায় (গভীর অচেতনাবস্থা) থাকার বিষয়টি নিশ্চিত করেন।

Read more — শিক্ষা
Home