উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী মেডিকেলে ভর্তি পরীক্ষায় ছাত্রদলের ফ্রি হেলথ ক্যাম্প

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ণ
রাজশাহী মেডিকেলে ভর্তি পরীক্ষায় ছাত্রদলের ফ্রি হেলথ ক্যাম্প

২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা শুক্রবার সারা দেশের মতো রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার দিন সকাল থেকেই পরীক্ষার্থী এবং অভিভাবকদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেয় রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদল।

জানা যায়, সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আমরি মীমের নেতৃত্বে কলেজ চত্বরে স্থাপন করা হয় একটি ফ্রি হেলথ ক্যাম্প ও হেল্পডেস্ক। ডাক্তার ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দক্ষ মেডিকেল টিম অভিভাবকদের বিভিন্ন স্বাস্থ্যপরীক্ষা করে এবং প্রয়োজন অনুযায়ী জরুরি ওষুধ সরবরাহ করে।

এছাড়া পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ও উৎসাহ দিতে তাদের ফুল দিয়ে বরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পে আগত অভিভাবকদের জন্য ছিল বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ এবং তাৎক্ষণিক দিকনির্দেশনা পাওয়ার সুযোগ।

ক্যাম্পে সেবাগ্রহণকারী অভিভাবকরা বলেন, ভর্তি পরীক্ষার দিনে এমন উদ্যোগ তাদের ভোগান্তি অনেকটাই কমিয়েছে। জরুরি চিকিৎসাসেবা ও সহযোগিতা পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।

আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এবং অভিভাবকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

Read more — শিক্ষা
Home