উত্তরা প্রতিদিন
ঢাকা

রামেক হাসপাতালে এলো অনুদানের ৩৬ কোটি টাকার ওষুধ

আধুনিক পেইন ক্লিনিক চালু
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৮ নভেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ণ
রামেক হাসপাতালে এলো অনুদানের ৩৬ কোটি টাকার ওষুধ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যুক্তরাষ্ট্রের এফডিএ–অনুমোদিত আধুনিক বায়োলজিক ওষুধ অ্যাডালিমুমাব অনুদান হিসেবে এসেছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে পাওয়া ৯০০ প্রি-সিরিঞ্জড ইনজেকশন–এর বাজারমূল্য প্রায় ৩৬ কোটি ১০ লাখ টাকা। ফার্স্ট-লাইন চিকিৎসায় সাড়া না পাওয়া রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিসসহ বিভিন্ন অটোইমিউন রোগের রোগীরা এই ব্যয়সাধ্য ওষুধ বিনামূল্যে পাবেন। একটি ইনজেকশনের বাণিজ্যিক মূল্য প্রায় চার লাখ টাকা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এসব ওষুধ বুঝে পেয়েছেন বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ।

ওষুধটি আনার উদ্যোগ নেন রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ। তাকে সহযোগিতা করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ. এম. শামীম আহাম্মদ।

হাসপাতালের পরিচালক বলেন, ডিরেক্ট রিলিফ আমাদের ৯০০ ইনজেকশনের অনুদান দিয়েছে। বাজারমূল্য অত্যন্ত বেশি হওয়ায় এটি রোগীদের জন্য বড় সহায়তা। সরবরাহ থেকে ওয়ার্ড এবং রোগী—প্রতিটি ধাপে কঠোর নিয়ন্ত্রণে ওষুধ ব্যবহৃত হবে।

অধ্যাপক আজাদ জানান, এর আগে ডিরেক্ট রিলিফের সঙ্গে যোগাযোগ করায় প্রতিষ্ঠানটি তাদের ইনজেকশন অল্টেপ্লেস দেয়। পরে পুনরায় যোগাযোগ করায় এবার অ্যাডালিমুমাব পাওয়া গেছে।

তিনি বলেন, এটি যুগান্তকারী বায়োলজিক ওষুধ। যখন প্রাথমিক চিকিৎসা কাজ করে না, তখন এই ইনজেকশন প্রয়োগ করা হয়। একজন রোগীর চার থেকে ছয়টি ইনজেকশন লাগতে পারে।

মেডিসিন বিভাগের এই অধ্যাপক আরও জানান, ডিরেক্ট রিলিফের কাছে স্তন ক্যান্সারসহ আরও কয়েক ধরনের গুরুত্বপূর্ণ ইনজেকশনের আবেদন করা হয়েছে। তারা পরপর দুইবার সহায়তা দিয়েছে, তাই আমরা আশাবাদী ভবিষ্যতেও সহযোগিতা পাবো।

এদিকে, অনুদানের ওষুধ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করতে রামেক হাসপাতালে চালু হয়েছে আধুনিক পেইন ক্লিনিক। হাসপাতালের বহির্বিভাগের রুম–১৯৫–এ স্থাপিত ক্লিনিকটির উদ্বোধন করা হয় ২৪ নভেম্বর। উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ. এম. শামীম আহাম্মদ।

দীর্ঘদিনের জটিল ব্যথাজনিত রোগে ভোগা রোগীদের জন্য এটি হবে বিশেষায়িত সেবা কেন্দ্র। এখানে সেবা পাওয়া যাবে—কোমর ব্যথা, ফ্রোজেন শোল্ডার, পিএলআইডি, কারপাল টানেল সিন্ড্রোম, ফাইব্রোমায়ালজিয়া, টেনিস এলবো, বিভিন্ন জয়েন্ট ব্যথা, নিউরোজেনিক ব্যথা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া ও হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত রোগীদের জন্য। ক্যান্সারজনিত ব্যথার রোগীরাও এ সেবা নিতে পারবেন।

পেইন ক্লিনিকে কোমর ব্যথা, ফ্রোজেন শোল্ডার, পিএলআইডি, কারপাল টানেল সিন্ড্রোম, ফাইব্রোমায়ালজিয়া, টেনিস এলবো, জয়েন্ট ব্যথা, নিউরোজেনিক ব্যথা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া ও হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের আধুনিক চিকিৎসা দেওয়া হবে। ক্যানসারজনিত ব্যথার রোগীরাও সেবা পাবেন।  

কনজারভেটিভ চিকিৎসার পাশাপাশি এখানে নার্ভ ব্লক, ইপিডুরাল ইনজেকশন, আল্ট্রাসাউন্ড ও ফ্লুরোস্কপি গাইডেড পেইন ম্যানেজমেন্ট, পিআরপি থেরাপি, ওজোন থেরাপি ও রেডিওফ্রিকোয়েন্সির মতো আধুনিক ইন্টারভেনশনাল সেবা পাওয়া যাবে। মূলত অনুদানের ওষুধগুলো এরপর থেকেই প্রদান করা হবে।

Read more — স্বাস্থ্য
Home