
লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে পড়েছেন ৪৭তম বিসিএসের প্রার্থীরা। বর্তমানে তারা শাহবাগ মোড়ে অবস্থান করছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশে রওনা দেয় ৪৭তম বিসিএসের প্রার্থীরা।
মিছিলটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আসলে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।
এ সময় পরীক্ষার্থীরা বলেন, গত বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ছয় মাস থেকে এক বছর সময় পেলেও, তাদের সময় দেওয়া হয়েছে দুই মাসেরও কিছু কম। এ সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে, পরীক্ষার তারিখ পেছানোর কথা বলেন তারা।
তারা বলেন, দাবি আদায় না হলে রাজপথেই থাকবেন আন্দোলনকারীরা।
২৭ নভেম্বরের আগেই বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) যেন কার্যকর উদ্যোগ নেয় সেই দাবি তাদের।
এ সময় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা।
তারা বলেন, আন্দোলন করে স্বৈরাচারকে তাড়িয়ে দিলেও, নতুন করে স্বৈরাচারী আচরণ করছে পিএসসি চেয়ারম্যান।

