
নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের প্রায় ১৮০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, রাজধানীর পূর্বাচলের জলসিঁড়ি আবাসিক প্রকল্পে তার মালিকানাধীন ১৬২ কাঠার একটি মূল্যবান প্লট এবং ৫৩টি দলিলের বিপরীতে নিবন্ধিত অন্যান্য জমি জব্দ করা হয়েছে। এসব সম্পদের বাজারমূল্য ১৮০ কোটি ৩৭ লাখ টাকা বলে উল্লেখ করেছে দুদক।
একই সঙ্গে নজরুল ইসলাম মজুমদারের তিনটি ব্যাংক হিসাবে থাকা মোট ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকা অবরুদ্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের আবেদনে বলা হয়েছে, ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ হিসেবে বিবেচিত এসব জমি ও ব্যাংক আমানত তিনি গোপনে বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন। তদন্তাধীন মামলায় সম্পদ বিক্রি হলে রাষ্ট্রীয় ক্ষতির আশঙ্কা থাকায় এসব সম্পদ জব্দের প্রয়োজনীয়তা তুলে ধরে দুদক আদালতে আবেদন করে। পরে শুনানি শেষে আদালত জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ এ আবেদনটি দাখিল করেন। নজরুল ইসলাম মজুমদার বর্তমানে কারাগারে আছেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনামলে ব্যাংক খাতের প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত এই ব্যবসায়ী নেতার বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও দুর্নীতির মাধ্যমে’ ৭৮১ কোটি টাকারও বেশি সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

