উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে গার্লস গাইড এসোসিয়েশনের আঞ্চলিক পরিষদ অধিবেশন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৮ নভেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ
রাজশাহীতে গার্লস গাইড এসোসিয়েশনের আঞ্চলিক পরিষদ অধিবেশন
আঞ্চলিক পরিষদ অধিবেশন

রাজশাহীতে নানা আয়োজনে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের ২৩ তম আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম।

বাংলাদেশ গার্লস গাইডস্ এসোসিয়েশনের রাজশাহী আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব ও বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস এবং বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ।

অধিবেশনে বক্তারা বলেন, গার্লস গাইড আন্দোলন দেশের মেয়েদের আত্মনির্ভরশীল, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণে উদ্বুদ্ধ করতে গাইড আন্দোলনের কার্যক্রম আরও সম্প্রসারিত করা প্রয়োজন। শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণ বিকাশে গার্লস গাইডের ভূমিকা অনন্য।

তারা আরও বলেন, নারী নেতৃত্ব বিকাশে বাংলাদেশ গার্লস গাইডস্ এসোসিয়েশন একটি পরীক্ষিত ও সফল সংগঠন হিসেবে কাজ করছে বহু বছর ধরে। সমাজে নারীর নিরাপদ অবস্থান, আত্মবিশ্বাস ও নেতৃত্ব নিশ্চিত করতে প্রতিটি বিদ্যালয়ে গার্লস গাইড কার্যক্রম আরও সক্রিয় করতে হবে। গাইডদের কর্মকাণ্ডে দেশের উন্নয়ন লক্ষ্য অর্জনে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়বে, যা স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গার্লস গাইডস্ এসোসিয়েশনের রাজশাহী জেলা কমিশনার সাবরিনা শারমিন বনি।

আয়োজকরা জানান, দুই পর্বের অনুষ্ঠানে ১ম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান এবং ২য় পর্বে অধিবেশন কার্যক্রম শুরু হয়। অধিবেশনে রাজশাহী অঞ্চলের আট জেলা থেকে আগত গাইডার, কমিশনার, সদস্য, ট্রেইনার ও অফিস স্টাফ সহ মোট ৪০০ জন উপস্থিত ছিলেন।

 

Read more — শিক্ষা
Home