
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়েমা হত্যার বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে তারা উপাচার্যের বাসভবনের সামনে প্যারিস রোডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন— “পানিতে ডুবে বোন মরে, প্রশাসন কি করে”, “নাপা সেন্টার সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “বিচার চাই, সায়েমার বিচার চাই”, “চিকিৎসা নামের প্রহসন চলবে না”, “তুমি কে আমি কে, সায়েমা সায়েমা”, “অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”— প্রভৃতি।
এসময় সায়েমার সহপাঠী ও সহকর্মীরা তাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, প্রশাসনের অবহেলা ও ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের দাবি— দ্রুত সায়েমার হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, দায়িত্বহীন প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহি, এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন।
এর আগে সোমবার শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

