
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ২০ নভেম্বর। আবেদন চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এ বছরও ভর্তি কার্যক্রমে কোনো প্রাথমিক বাছাই প্রক্রিয়া থাকছে না, এবং দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬, ১৭ ও ২৪ জানুয়ারি তারিখে দুই শিফটে— সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেশের পাঁচটি আঞ্চলিক কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম দিন ১৬ জানুয়ারি সি ইউনিট (বিজ্ঞান), দ্বিতীয় দিন ১৭ জানুয়ারি এ ইউনিট (মানবিক), এবং তৃতীয় দিন ২৪ জানুয়ারি বি ইউনিট (বাণিজ্য) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদন যোগ্যতা: ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিনটি ইউনিটের যেকোনোটিতে আবেদন করতে পারবেন। মানবিক ও বাণিজ্য শাখায় ন্যূনতম জিপিএ ৩.০০ করে মোট জিপিএ ৭.০০ (চতুর্থ বিষয়সহ) প্রয়োজন। বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ করে মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। ‘ও’ ও ‘এ’ লেভেল প্রার্থীদের ক্ষেত্রে ৭টি বিষয়ের মধ্যে অন্তত ৩টিতে ‘সি’ গ্রেড থাকা বাধ্যতামূলক। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুকদের অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি : এ ইউনিট ও সি ইউনিট: ১,৩২০ টাকা (সার্ভিস চার্জসহ); বি ইউনিট: ১,১০০ টাকা (সার্ভিস চার্জসহ)।
ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার পরীক্ষা। প্রতি ইউনিটে থাকবে ৮০টি প্রশ্ন। প্রতি চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পাশ নম্বর: ৪০।
কোটা (মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, খেলোয়াড়, বিকেএসপি) প্রার্থীদের আবেদন অনলাইনে নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী করতে হবে।
ইউনিটভিত্তিক অনুষদসমূহ: এ ইউনিট (মানবিক): কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। বি ইউনিট (বাণিজ্য): বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। সি ইউনিট (বিজ্ঞান): বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

