
দাম্পত্য সম্পর্ক ভালোবাসার পাশাপাশি বোঝাপড়া এবং ধৈর্যের ওপর নির্ভর করে। এই সম্পর্ককে সুন্দর ও টেকসই রাখার জন্য জেদ ও একগুঁয়েমি ত্যাগ করা অত্যন্ত জরুরি। অনেক সময় নারীদের মধ্যে এই ধরনের স্বভাব দেখা যায়, যা তাদের দাম্পত্য জীবনে অশান্তি ডেকে আনে।
একগুঁয়েমির নেতিবাচক প্রভাব যখন একজন নারী অযথা জেদ ধরে বা একগুঁয়েমি করে, তখন তা স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক নষ্ট করে দেয়। সাধারণত দেখা যায়, নিজেদের চাহিদার বাইরে কিছু হলে তারা রাগে অগ্নিশর্মা হয়ে যান এবং উল্টাপাল্টা আচরণ শুরু করেন। এতে স্বামীর মনে স্ত্রীর প্রতি বিরূপ ধারণা সৃষ্টি হয়। এ ধরনের আচরণে সংসার জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়, যা দুইজনের জীবনকেই বিষিয়ে তোলে।
মিষ্টি ভাষায় সমস্যার সমাধানে যদি স্ত্রীর কোনো চাওয়া যুক্তিসঙ্গত হয়, তা হলে তা মিষ্টি ও কোমল ভাষায় স্বামীকে বোঝানো উচিত। জবান রুক্ষ করা বা মুখ ঝামটা মারা কখনোই উচিত নয়। কারণ, মধুর কথা দিয়ে অনেক কঠিন সমস্যার সমাধান করা যায়। যখন স্বামী রেগে যায়, তখন স্ত্রীর উচিত নরম হয়ে যাওয়া এবং ধৈর্য ধারণ করা। যদি কিছু বলতেই হয়, তবে তা এমনভাবে বলা উচিত যাতে দাম্পত্য সম্পর্কের ওপর কোনো আঁচড় না লাগে।
ধৈর্য ও বিচক্ষণতার ভূমিকা স্বামী যদি সীমা ছাড়িয়ে যায় এবং অযথা রাগারাগি করে, তখন স্ত্রীর উচিত ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া। তড়িঘড়ি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করা বুদ্ধিমানের কাজ। এমনকি নিজে নত হয়েও সমঝোতা করে নেওয়া ভালো। কারণ সম্পর্কের মূল্য যেকোনো জেদের চেয়ে অনেক বেশি।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘স্ত্রী যদি স্বামীর দুর্ব্যবহার বা উপেক্ষার আশঙ্কা করে, তবে তারা আপস-নিষ্পত্তি করতে চাইলে তাদের কোনো অপরাধ নেই এবং আপস-নিষ্পত্তিই উত্তম।’এই আয়াত থেকে বোঝা যায়, আপস এবং সমঝোতা একটি সুস্থ দাম্পত্য জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
দাম্পত্য জীবন কোনো জেদ বা অহংকারের স্থান নয়, বরং এটি হলো ভালোবাসা, ত্যাগ এবং বোঝাপড়ার একটি ক্ষেত্র। স্বামী-স্ত্রীর দুজনেরই উচিত জেদ এবং একগুঁয়েমি পরিহার করা। ধৈর্য, বিচক্ষণতা এবং সমঝোতার মাধ্যমেই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও মধুর করা সম্ভব।

