
এক যুগেরও বেশি সময়, প্রায় দুই যুগ ধরে এইচএসসি পরীক্ষার যেমন ফল আসছিল, এবার ফল তেমন নয়। ২০০৯ সালের পর থেকে পাসের হার যেখানে ৭০ থেকে ৮০ শতাংশের মধ্যে ওঠানামা করেছে, এবার সেখানে পাসের হার ৬০ শতাংশের নিচে; ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এই পাসের হার গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। এর সঙ্গে বেড়েছে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা, কমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা। সব মিলিয়ে বোর্ডের কঠোর মূল্যায়ন ও সহানুভূতির নম্বর বন্ধের ফলে এবারের এইচএসসি পরীক্ষার ফলে এই ধস নেমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একইসঙ্গে ‘শিক্ষার্থীরা পড়ার টেবিল থেকে দূরে সরে গেছে’ বলেও মনে করা হচ্ছে।
এ বছরের আগে এইচএসসির ফলাফলে প্রচলিত ধারার ব্যতিক্রম ছিল ২০০৪ ও ২০০৫ সালে। ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। পরের বছর ২০০৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৫৯ দশমিক ১৬ শতাংশে। এরপর আর কখনও এইচএসসির ফল এতটা নিচে নামেনি। সেই হিসেবে দুই দশকের বেশি সময় পর এবারের ফলাফলে সবচেয়ে বড় ধাক্কা দেখা গেছে।
শিক্ষা পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য মতে, ২০০৬ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৬৪ শতাংশ, ২০০৭ সালে ৬৪ শতাংশের ওপরে, ২০০৮ সালে তা প্রায় ৭৫ শতাংশে পৌঁছায়। ২০০৯ সালে পাসের হার নেমে যায় ৭০ দশমিক ৪৩ শতাংশে। পরবর্তী বছরগুলোতে পাসের হার সাধারণত ৭০ থেকে ৮০ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। শুধু তিন বছর— ২০১৫, ২০১৭ ও ২০১৮ সালে পাসের হার ৭০ শতাংশের নিচে নেমেছিল।
এর আগে এত কম পাসের হার দেখা গিয়েছিল ২০০৪ সালে, তখন পাসের হার হয়েছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ
আর কোভিড-১৯ মহামারির বছরে (২০২০) সরাসরি পরীক্ষা না হওয়ায় সবাই ‘বিশেষ প্রক্রিয়ায়’ উত্তীর্ণ হয়। পরের দুই বছর (২০২১ ও ২০২২) পাসের হার ছিল যথাক্রমে ৮৪ ও ৯৫ শতাংশের বেশি। তবে ২০২৩ সালে তা নেমে আসে ৮০ শতাংশের নিচে।
আন্তঃশিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর এই হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ৯ হাজার ৩০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একজনও পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০২টি। গত বছর এ সংখ্যা ছিল ৬৫টি। অর্থাৎ গত বছরের তুলনায় শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৩৭টি। একইভাবে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। গতবার শতভাগ পাস করেছিল ১ হাজার ৩৮৮টি প্রতিষ্ঠান থেকে, এবার সেটি কমে দাঁড়িয়েছে ৩৪৫-এ।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন। এর মধ্যে পাস করেছেন ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। পাসের হার ৫৭ দশমিক ১২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৬৩ হাজার ২১৯ জন। পাসের হার সবচেয়ে বেশি ঢাকায়, কম কুমিল্লাতে। সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন ইংরেজিতে, এরপর হিসাববিজ্ঞানে।
ঢাকা বোর্ডে এবার পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ। আর কুমিল্লায় ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এ ছাড়া রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯.৪০ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৫০.২০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭.৪৯ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৫৪ শতাংশ।
মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেন ৮২ হাজার ৮০৯ জন। পাস করেছেন ৬২ হাজার ৬০৯ জন। পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এবার পরীক্ষা অংশ নেন ১ লাখ ৫ হাজার ৬১০ জন। এরমধ্যে পাস করেছেন ৬৬ হাজার ১৮৫ জন; জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন।

