উত্তরা প্রতিদিন
ঢাকা

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা পাবেন ১০ম গ্রেড

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৯ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ণ
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা পাবেন ১০ম গ্রেড

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার প্রস্তাবে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে সহকারী শিক্ষকদের বেতন গ্রেডের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-১৪ শাখার সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, এখন থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১০ম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা ১১তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকেরা ১২তম গ্রেডে আছেন।

চিঠিতে আরও নির্দেশ দেওয়া হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় বেতন গ্রেড উন্নীতকরণের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে সরকারি আদেশের একটি কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাবে।

তবে এই গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি নিতে হবে। বেতন স্কেল নির্ধারণের দায়িত্ব থাকবে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের হাতে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে। এ ছাড়া পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে নিয়োগবিধি সংশোধন করতে হবে।

প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের ক্ষেত্রে বলা হয়েছে, সরকারি আদেশ জারি হওয়ার তারিখ থেকে ১৬ মাসের মধ্যে নির্ধারিত প্রশিক্ষণ (Basic Training for Primary Teachers) সম্পন্ন করতে হবে।

 

Read more — শিক্ষা
Home